নরসিংদীর রায়পুরায় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে সুবিধাবঞ্চিত ও অসহায় ১০০ পরিবারের মাঝে চাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

গতকাল সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে
আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী, ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান খোকন, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী শবনম রুপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন, প্রজেক্ট অফিসার মোহাম্মদ ফয়সাল মন্ডল এবং ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ নাইম জামাদ্দার।

খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি জান্নাতুল হক শাপলা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে যেসব পরিবার অর্থনৈতিক সংকটে রয়েছে, তাদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মুখে হাসি ফোটাতে এবং দুঃসময়ে তাদের পাশে থাকতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা পরিবারগুলোর দৈনন্দিন খাদ্যের চাহিদা পূরণ, পারিবারিক ব্যয়ের চাপ কমানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা ২০০৭ সাল থেকে বাংলাদেশে খাদ্যনিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এতিম শিশুদের সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জরুরি মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় পরিবারগুলোর জন্য খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card