সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত

নারায়ণগঞ্জের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম হুসাইন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে একই মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু হানিফসহ কয়েকজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের নেতা মুফতি শেখ শাব্বীর আহমাদ জানান, মাসদাইরের কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোসল শেষে আকরাম হুসাইনের মরদেহ হোমনার দড়িচর এলাকায় তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে মাসদাইর কবরস্থানে যান নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ ও উলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বীর আহমদ। এ ছাড়া বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম, বাস মালিক সমিতির নেতা, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে যান।

দুর্ঘটনায় দায়ী চালককে অবিলম্বে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

Share this news as a Photo Card