রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঘটে এ ঘটনা।

শুক্রবার সকালে ওয়ারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত। তবে কী নিয়ে বিরোধ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card