নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহন হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মামলা-মোকদ্দমা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে বাহেরচর গ্রামের তোফাজ্জল, রহিম ও জাকারিয়ার নেতৃত্বাধীন গ্রুপ এবং কাকাইলমোড়া গ্রামের জসিম উদ্দিন (৫৩), মনির (৩৬) ও মঞ্জুর হোসেনের (৪০) নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
আহতরা হলেন- কাকাইলমোড়া গ্রামের জসিম উদ্দিন (৫৩), মো. মনির (৩৬), রনি (৩০), ফজলুল করিম (৪৮), মো. মঞ্জুর হোসেন (৪০), সালমান খান ফামিন (১৫) ও মীম (১৬)। আহত বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকরাইলমোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহেরচর ও কাকরাইলমোড়া গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ৮-১০ জন আহত হয়েছেন। কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

One Reply to “নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০”
Comments are closed.