নিখোঁজের তিনদিন পর বুড়িগঙ্গায় মিললো ব্যবসায়ির লাশ

নিখোঁজের তিনদিন পর সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী সাদেকের লাশ রাজধানী বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়।

সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী সাদেক মিয়ার (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের আগা নগর ছোট মসজিদঘাট এলাকায় বুড়িগঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে নৌ পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া।

নিহিত সাদেক মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দ এলাকার মজিদ মিয়ার ছেলে। তিনি মোগড়াপাড়া আম্বিয়া প্লাজায় বিসমিল্লাহ বোরকা হাউজের মালিক ছিল।

নিহতের বড় ভাই শফিক মিয়া বলেন, গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাক পল্লী থেকে পাইকারি বোরকা কিনে আনতে যায় সাদেক মিয়া। ওই দিনই ফেরার পথে নদী পার হওয়ার সময় এমভি কুয়াকাটা -১ ও এ আর খান -১ নামের লঞ্চ দুটি প্রতিযোগিতার মাঝখানে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়। বহস্পতিবার রাতে সাদেক মিয়া বাসায় না ফিরলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে সোনারগাঁও থানায় একটি সাধারন জিডি করি। পাশাপাশি নিখোঁজ বিজ্ঞপ্তি টানিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। আজ দুপুরে পুলিশ লাশটি উদ্ধারের সময়,লঞ্চের পাখার সাথে লেগে ক্ষত বিক্ষত অবস্থায় নিহত সাদেক মিয়ার লাশ উদ্ধার করেন। পরে হাসপাতালে মর্গে গিয়ে আমরা লাশ শনাক্ত করি।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া বলেন, নৌ দুর্ঘটনার পরে নিহতের আত্মীয়-স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আমরা নদীতে তল্লাশি চালিয়েছি। তবে সে সময় নিহত কারো সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুজন নিহতের লাশ আমরা উদ্ধার করেছি আজ সর্বশেষ সাদেক মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএএন টিভি