রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ মে) সকাল ১১টায় পাংশা বাজারের কালিবাড়ি মোড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের ২ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে রাজবাড়ী জেলার পুলিশ কর্মকর্তাগণ পক্ষপাতিত্বমূলকভাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাদেরকে মিথ্যা হত্যা মামলায় জড়িয়েছে।
তারা আরও বলেন, “এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এর জবাব দেওয়া হবে।”
এর আগে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।
উল্লেখ্য, গত ৩ মে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তরপাড়া গ্রামে রাশিদুল নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম ও পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীদের নামে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
এনএএন টিভি / মোঃ হামজা শেখ
