পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. ফিরোজ আলম বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে। আদালত আসামিকে এই দণ্ড ছাড়াও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৮ মাসের কারাদণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ফিরোজ আলমের সঙ্গে ১৯৯৭ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিক-এর মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে স্বামী ফিরোজ তার স্ত্রী, ৬ সন্তানের জননী বিউটিকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

এ দায় থেকে বাঁচতে জমিজমা নিয়ে বিরোধ থাকা তার প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা করে ফিরোজ।

হত্যার ঘটনায় নিহত বিউটির ভাই মো. ইউনুস মল্লিক বাদী হয়ে ফিরোজের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তদন্ত শেষে ফিরোজের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আজ এই রায় দেন।