নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করা হয়েছে।
বুধবার (৭ মে) ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চার বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় তিনি বলেন, আমরা সবার সুস্থতা কামনা করি। কিন্তু বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কারণে হাসপাতালে যেতে হয়। সেই দিক বিবেচনা করে আমরা চিন্তা করেছি, কীভাবে এই হাসপাতালকে আরও জনবান্ধব করে গড়ে তোলা যায়। মানুষ যেন যথাযথ সেবা পায়, সে লক্ষ্যে আমরা ডাক্তার ও সিভিল সার্জনকে নিয়ে এ কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থভাবে এ পৃথিবীতে আসতে পারে, সে জন্য নবজাতকদের জন্য একটি স্পেশাল কেয়ার ইউনিটের কথা বলেছিলাম গত সপ্তাহে। আমরা সাত দিনের মধ্যে চেষ্টা করে সেই স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করেছি। এখানে চারটি বেড থাকবে।
