ফতুল্লায় আসামি ধরতে গিয়ে ইটের আঘাতে আহত ওসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টার আসামি ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি মাহবুব আলম আহত হয়েছেন। আজ রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চবটি চাঁদনী হাইজিং এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আসামি নিজ থানায় না গিয়ে অন্য পাশের অন্য থানায় আশ্রয় নেয়।

স্থানীয়রা জানান, জাকির হোসেন (৬৫) নামে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়া গতকাল রাতে নিজ ঘরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় পাশের রুমে ভাড়াটিয়া নারীরা দেখে চিৎকার শুরু করে। এতে আশপাশের ভাড়াটিয়াসহ শতশত নারী পুরুষ এগিয়ে আসে। তখন ভয়ে ধর্ষণের চেষ্টাকারী জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে নিজ ঘরে অবস্থান নেন।

এরপর খবর পেয়ে জাকির হোসেনকে আটকের চেষ্টা চালায় পুলিশ। ওই সময় ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২২ জন পুলিশ সদস্য স্থানীয় জনতাকে বুঝিয়ে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর অভিযুক্তকে আটকের পর গাড়িতে উঠানোর সময় স্থানীয় জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে ওসির মাথা ফেটে রক্তাক্ত হয়। একপর্যায়ে তিনি অভিযুক্তকে নিয়ে গাড়িতে উঠে পাশের সদর থানায় আশ্রয় নেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, শিশু নির্যাতনের চেষ্টাকারীর বিরুদ্ধে প্রায় এক হাজারের মত এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে। আমিসহ পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের বুঝিয়ে শান্ত করে অভিযুক্তকে গাড়িতে উঠানোর সময় কিছু লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। তখন ইটের আঘাত লাগে মাথায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। শিশু নির্যাতনের চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা হবে।

 

এনএএন টিভি