ক্যাজুয়াল চুক্তি থেকে সড়ে এলেন মাইকেল ব্রেসওয়েল

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ কাজে লাগাতে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ২০২৬-২৭ মৌসুমে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের অনিয়মিত চুক্তি থেকে সরে আসছেন। তার পরিবর্তে কেন্দ্রীয় চুক্তির তালিকায় আসছেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটার ও ওয়েলিংটন ফায়ারবার্ডসের সাবেক অধিনায়ক নিক কেলি। প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেকের এক যুগ পর তিনি প্রথমবারের মতো জাতীয় দলের চুক্তিতে অন্তর্ভুক্ত হলেন।

২০২৫ সালের মার্চে ব্ল্যাকক্যাপসের হয়ে অভিষেক হওয়া কেলির ঝুলিতে রয়েছে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে ৮টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। এর মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশে ইনজুরিতে পড়া টম ল্যাথামের অনুপস্থিতিতে এই দায়িত্ব নিয়েছিলেন তিনি।

ব্রেসওয়েল জানিয়েছেন, তিনি নিউজিল্যান্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ক্রিকেটার বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সুযোগটি গ্রহণ করার ক্ষেত্রে নিউজিল্যান্ড ক্রিকেটের সমর্থন আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু সাদা বলের ক্রিকেটের খেলোয়াড় হিসেবে, এই সুযোগটি হাতছাড়া করা আমার পক্ষে সম্ভব ছিল না। পাশাপাশি আগামী গ্রীষ্মে শুরু হতে যাওয়া উদ্বোধনী ‘এনজেড২০’ টুর্নামেন্টে খেলার সুযোগটির দিকেও আমার বিশেষ নজর রয়েছে।

৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার কেলি সম্প্রতি লিসেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে ফিরেছেন। সেখানে সব ফরম্যাট মিলিয়ে তিনি ৯৫০ রান করেছেন। এর মধ্যে মিডলসেক্সের বিপক্ষে ‘মেট্রো ব্যাংক ওয়ান ডে কাপ’-এর ফাইনালে করা সেঞ্চুরিটি ছিল তার ক্যারিয়ারের ষষ্ঠ ‘লিস্ট এ’ সেঞ্চুরি।

ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ রব ওয়াল্টার ওটাগোর হয়ে দুই মৌসুম কেলিকে কোচিং করিয়েছেন। তিনি জানান, তাকে প্রথম কেন্দ্রীয় চুক্তির আওতায় আনতে পারাটা আনন্দের বিষয়। তিনি আরও বলেন, গত কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে নিক দুর্দান্ত পারফর্ম করে আসছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে প্রথম কেন্দ্রীয় চুক্তিটি পাওয়া তার কঠোর পরিশ্রমেরই ফসল।

ব্রেসওয়েল এখন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিল্ন এবং টিম সাইফার্টের সাথে যুক্ত হলেন। তারা সবাই ২০২৬-২৭ মৌসুমের জন্য ‘ক্যাজুয়াল’ বা বিশেষ চুক্তির আওতায় রয়েছেন।

 

 

এনএএন টিভি