ফরিদপুরে সেরা পাঁচ কৃষককে তেল জাতীয় ফসল উৎপাদনে পুরস্কার

ফরিদপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলার সেরা পাঁচজন কৃষককে পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদুজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভি রহমান।

বক্তারা বলেন, দেশে ভোজ্য তেলের চাহিদা ক্রমেই বাড়ছে। বাজারে সয়াবিন তেলের বিকল্প হিসেবে সরিষা, তিল, সুর্যমুখীসহ বিভিন্ন তেল জাতীয় ফসলের গুরুত্ব বাড়ছে। তাই কৃষকদের এসব ফসলের চাষে উৎসাহিত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পরে ২০২৪-২৫ অর্থবছরে সরিষা, তিল ও সুর্যমুখী চাষে বিশেষ অবদান রাখা সেরা পাঁচ কৃষককে পুরস্কার হিসেবে কৃষি উপকরণ ও সনদপত্র প্রদান করা হয়।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তেল জাতীয় ফসল উৎপাদনকারী শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা চাষিদের মধ্যে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির উপকারিতা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

শরিফুল ইসলাম/ এনএএন টিভি