“বিএসটিআই লাইসেন্স ছাড়াই চানাচুর উৎপাদন, নরসিংদীতে কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

নরসিংদী বড় বাজারে অবস্থিত একটি চানাচুর প্রস্তুতকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৫ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) লাইসেন্স ছাড়াই এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে চানাচুর উৎপাদন করা হচ্ছিল। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর পরিদর্শক শেখ রাসেলের দাখিলকৃত প্রসিকিউশনের ভিত্তিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী কারখানা মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। অভিযানে র‍্যাবের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত খাদ্যপণ্য উৎপাদনে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। বিএসটিআই অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন সম্পূর্ণ বেআইনি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এন এ এন টিভি