ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ পিলার এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি যুবক আহত হওয়ার প্রতিবাদে দুই দেশের বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সীমান্তের ২০৫০ পিলার এলাকার পুটিয়া নামক স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে শুরু করে প্রায় আধা ঘণ্টাব্যাপী চলে পতাকা বৈঠক। এ বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির পক্ষে নেতৃত্ব দিয়েছেন ৬০ ব্যাটালিয়নের অধিন্ত সালদা নদী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. সফিকুর রহমান এবং ভারতের বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পুটিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.আইমহন সিং।
পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ নিরস্ত্র বাংলাদেশি লোকজনকে গুলি করায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে অন্যায়ভাবে গুলি চালানো হয়েছে। এটি কাম্য নয়। এটি খুবই দুঃখজনক। তবে বিএসএফ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ সীমান্ত দিয়ে গত সোমবার বেলা ৪টার দিকে ১০/১২ জনের বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে প্রতিহত করে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলেও রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০) নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়
আহত রুকন উদ্দিন নেত্রকোনার বাহারহাট্রা গ্রামের আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এ. এমজাবের বিন জব্বার বলেন, বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ নিরস্ত্র লোকজনকে গুলি করায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে অন্যায়ভাবে গুলি চালানো হয়েছে। এটি কাম্য নয়। এটি খুবই দুঃখজনক। তিনি আরো বলেছেন, বিএসএফ এ ঘটনায় তদন্ত করে দোষী সৈনিকদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এনএএন টিভি