মধুখালীতে ভুট্টা ক্ষেত থেকে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ জন

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের দুই দিন পর ভুট্টা ক্ষেত থেকে শেখ আল আজাদ (৬০) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ এপ্রিল ,মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা খেতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শেখ আল আজাদ চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে চরবামুন্দী গ্রামের মো. রাসেল সেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ভুট্টা ক্ষেত থেকে শেখ আল আজাদের লাশ উদ্ধার করে। রাসেল সেখ, মো. সোহরাব সেখ-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে শেখ আল আজাদ মাদরাসায় যান। ক্লাস শেষে দুপুরে বের হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে ওই দিন রাতেই মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শরিফুল ইসলাম / এনএএন টিভি

Share this news as a Photo Card