মা-মেয়েকে গণধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত মা-মেয়েকে গণধর্ষণ মামলার আসামি সালাউদ্দিন মিয়া (২২) চার বছর পর ধরা পড়লেন র‌্যাবের জালে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর শনিবার (৩০ মার্চ) র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনি ধরা পড়েন।

রোববার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, বহুদিন পরিচয় লুকিয়ে আত্মগোপনে ছিলেন সালাউদ্দিন।

গ্রেফতারকৃত সালাউদ্দিন চুনারুঘাটের জিবধরছড়া গ্রামের হুছেন আলীর ছেলে।

র‌্যাব জানায়, মেয়েকে নিয়ে হবিগঞ্চের চুনারুঘাটে একাই থাকতেন বিউটি বেগম। ভাই চাকরি করায় বাড়িতে কোনো পুরুষের উপস্থিতি ছিল না। সেই সুযোগ নেন সালাউদ্দিন এবং তার সঙ্গীরা। ২০২০ সালের ২ অক্টোবর রাতে তার আরও দুই সঙ্গীকে নিয়ে দলবদ্ধভাবে গণধর্ষণ করেন মা-মেয়েকে।

মামলা হওয়ার পর একজন গ্রেফতার হলেও সালাউদ্দিন এবং তার আরেক সঙ্গী পালিয়ে যান।

মামলার বিচারিক পক্রিয়া শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২- এর বিচারক সালাউদ্দিন ও শাকিলের অনুপস্থিতিতে তাদেরকে যাবজ্জীবন সাজা দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেন। অবশেষে শনিবার র‌্যাবের জালে ধরা পড়েন সালাউদ্দিন।

 

এনএএন টিভি