রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজারীবাগ পার্ক সংলগ্ন শাহ আলম গলির মন্দিরের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক জানান, কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার উদ্দেশে যাওয়ার সময় শাহ আলম গলির মন্দিরের পাশে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরী সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠাতে নির্দেশ দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক চিকিৎসকের বরাতে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
