কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করেছে আরসা সন্ত্রাসীরা।
রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান,
বুধবার সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ব্রিজের নিচে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. ইসহাক (৪৮) উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে।
স্থানীয়দের বরাতে আমির জাফর বলেন,
ভোরে উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়।
পরে তাকে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে আনার পর দুর্বৃত্তরা পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।
স্থানীয়দের কাছ থেকে ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পায় এপিবিএন পুলিশ।
পরে পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছে ক্ষত-বিক্ষত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।
এপিবিএন এর অধিনায়ক বলেন, ‘নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে।
তারপরও ঘটনার কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. আমির জাফর।
আরও পড়ুন :

Comments are closed.