শিবগঞ্জে অবৈধভাবে আটকে রাখা ৮০টি টিয়া উদ্ধার: মোবাইল কোর্টে দুইজনকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৮০টি টিয়া পাখি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আজিজ। অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এবং পুলিশ বাহিনী সহায়তা করে।

অভিযানে ৮০টি Pulm Headed Parakeet Rose Ring Parakeet উদ্ধার করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৬(১) ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টে দুইজনকে যথাক্রমে ২০ দিন ও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উদ্ধারকৃত পাখিগুলো পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: আজাহার আলীর উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

এনএএন টিভি / মোঃ আহসান হাবীব