নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা, আহত-৩

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জাহাঙ্গীর শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মাঝে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শেখ ওই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মো. মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার (১৬ জুলাই) মো. জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাট কাটতে যায়। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো. মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে পাট কাটতে নিষেধ করেন। এ নিয়ে উভয়পক্ষের লোকজনদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. জাহাঙ্গীর শেখকে হত্যা করেন। এ সময় জাহাঙ্গীরের ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জায়গা-জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ছিল। এক পক্ষ জমিতে কাজ করতে গেলে আরেক পক্ষ হামলা চালায়। এতে দুই পক্ষের লোকই আহত হয়েছেন। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামের একজন কৃষক নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে ধরতে অভিযান চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এনএএন টিভি