চেলসির ক্লাব বিশ্বকাজয়ী ইংলিশ তারকা কোল পালমারকে ঘিরে গভীর আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্রীড়ামাধ্যম ই-নোটিসিয়েস দাবি করেছে, সান্তিয়াগো বার্নাব্যুর নতুন কোচ জাবি আলোনসো নিজেই পালমারের ভক্ত। আলোনসো মনে করেন, এই ইংলিশ ফরোয়ার্ড তার কৌশলের সঙ্গে দুর্দান্তভাবে মানিয়ে নিতে পারবেন।
ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে পা রাখার পর থেকেই আলো ছড়াচ্ছেন পালমার।
বিশেষ করে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজির বিপক্ষে জোড়া গোল করে রীতিমতো দৃষ্টি কেড়েছে ফুটবলবিশ্বের। তার ওই পারফরম্যান্সই রিয়ালের আগ্রহ আরো পোক্ত করেছে।
তবে বড় চ্যালেঞ্জ চেলসির অনড় অবস্থান। ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোল পালমার তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ এবং তাকে নিয়ে কোনো ধরনের আলোচনায় তারা রাজি নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে চেলসি ৩-০ গোলে পিএসজিকে হারিয়ে শিরোপা জেতে। সেই ম্যাচে জোড়া গোল এবং এক অ্যাসিস্ট করা চেলসির ইংলিশ তারকা কোল পালমারকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়। পুরো প্রতিযোগিতাজুড়ে তার নৈপুণ্যই চেলসিকে শিরোপার পথে এগিয়ে নিয়েছে।
চেলসির আরেক নায়ক, গোলরক্ষক রবার্ট সানচেজ, পেলেন সেরা গোলরক্ষকের (গোল্ডেন গ্লাভস) পুরস্কার। সাত ম্যাচে পাঁচটি গোল খেলেও তার অসাধারণ সেভগুলো চেলসির শিরোপা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া চারটি গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) পুরস্কার।
