কক্সবাজারের চকরিয়া থানার সামনে মূল গেইটে দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহকে মারধর করে সর্বস্ব লুট করে নিয়েছে একদল ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিল। গতকাল রাতে চকরিয়া থানার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোহাম্মদ উল্লাহ একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। ভিডিওর সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।
মোহাম্মদ উল্লাহ বলেন, উপজেলা ভূমি অফিসের সামনে একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে মোটরসাইকেল যোগে ব্যক্তিগত অফিসে ফিরছিলাম। চকরিয়া থানার মূল ফটকের ৫০গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল গতিরোধ করেন তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েক নারী। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করতে চাইলে বাইক ফেলে দৌঁড়ে থানার ভেতর ঢুকে যায়। কী কারণে আমার ওপর হামলা করেছে জানি না।
এ বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এএম ওমর আলী বলেন, ‘এক গণমাধ্যমকর্মী পথরোধ করে হামলা করে ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। ন্যক্কারজনক এ ঘটনার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে এজাহার দিয়েছে। থানার এক উপপরিদর্শক বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছেন। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।
