ভালোবেসে বিয়ে করে এক মাস আগে ভাড়া বাসায় ওঠেন তরুণী, সেখানেই মিলল লাশ

নোয়াখালী জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাদিয়া ইসরাত ওরফে মিম (২৪)। আজ শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার হয়।

সাদিয়া ইসরাতের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বাসার ভেতরে শুয়ে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার হয়। তাঁর থুতনির নিচে কালশিটে দাগ রয়েছে এবং স্বামীও পলাতক। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ জানায়, ওই তরুণী একটি কলেজের ছাত্রী। কিছুদিন আগে ভালোবেসে লক্ষ্মীপুরের বাসিন্দা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র দ্বীন মোহাম্মদকে বিয়ে করেন তিনি। পরিবারের অমতে দুজনের বিয়ের পর মাসখানেক আগে উত্তর ফকিরপুর এলাকার ভাড়া বাসাটিতে ওঠেন দুজন। সকালে ভাড়া বাসাটিতে ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন।

Share this news as a Photo Card