আজ ৫ই মার্চ নারায়ণগঞ্জের গর্ব মরহুম আব্দুস সামাদ খান-এর ৫৩তম মৃত্যুবার্ষিকী।
নিখিল ভারত কংগ্রেস নেতা ও শেরে বাংলা এ. কে. এম ফজলুল হকের ঘনিষ্ঠ সহচর, বঙ্গীয় আইন পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহকুমার সাবেক এম.এল.এ জনাব আব্দুস সামাদ খান ১৯৭৩ সালের এই দিনে ইহলোক ত্যাগ করেন।
১৮৯৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়ার পূর্বগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা: আব্দুল গনি খান। তিনি ছিলেন বাংলার বিখ্যাত বারো ভূঁইয়ার অন্যতম আনোয়ার খানের ১০ম বংশধর। পেশাগত জীবনে তিনি ঢাকা কোর্ট ও পরবর্তীতে নারায়ণগঞ্জ কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি অবিভক্ত ভারতের কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত হন। ১৯২০ সালে মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯১৮ সালে আলি ব্রাদার্সের নেতৃত্বে খেলাফত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-রূপগঞ্জ (বর্তমান নারায়ণগঞ্জ-১) আসন থেকে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। শেরে বাংলা তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন। নির্বাচন পরবর্তীতে যুক্তফ্রন্ট সংসদীয় সভায় তাকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার মনোনীত করা হয়।
দুর্ভাগ্যবশত সংসদের প্রথম অধিবেশনেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। কিন্তু সুস্থ হওয়ার পর পুরো মেয়াদকাল নিয়মিত অধিবেশনে অংশগ্রহণ করেন—যা তার দায়িত্ববোধ ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।
১৯২৪ সালে শেরে বাংলার সভাপতিত্বে বঙ্গ প্রজা কনফারেন্সে ঢাকা জেলার প্রতিনিধিত্ব করেন এবং নিখিল বঙ্গ প্রজা সমিতির অন্যতম নেতা নির্বাচিত হন। পরবর্তীতে কংগ্রেস ত্যাগ করে শেরে বাংলার নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টিতে যোগ দেন এবং বঙ্গীয় কৃষি ঋণ আইনের অধীনে ঋণ সালিশী বোর্ড গঠনে মুখ্য ভূমিকা পালন করেন।
তার গলাচিপার ৪০ নং কলেজ রোডের খান বাড়ি ছিল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মিলনকেন্দ্র। সেখানে আতিথেয়তা গ্রহণ করেছেন শেরে বাংলা ফজলুল হক, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান, ক্যাপ্টেন মুনসুর আলি, মোহন মিয়া, নান্না মিয়া সহ বহু জাতীয় নেতা।
মরহুম আব্দুস সামাদ খান ছিলেন ন্যায়নিষ্ঠ, অতিথিপরায়ণ ও আদর্শবান জননেতা। নারায়ণগঞ্জবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে তার অবদান।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
