নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারী) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী-শিমরাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাজী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)।
নিহতরা দুজনই সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে নিহত শুভ আনন্দ ক্যাবল নামে স্থানীয় একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার শুভ, ইমন ও রবিন নামে তিন বন্ধু মোটরসাইকেলে আদমজীর দিকে যাচ্ছিলেন। ইপিজেডের সামনে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে শুভ ও ইমন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় আসেনি। তবে নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে আটক ট্রাক চালকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় চাপা দেয়া ট্রাকটি জব্দসহ চালক আনোয়ার হোসেনকে (৫৩) আটক করেছে পুলিশ।
