নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫), তাদের ছেলে আরিয়ান আহাম্মেদ রাফি (৫) ও রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩)। কাকলী ও তার স্বামী আশরাফুল কাচঁপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং কাচঁপুর সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টো পথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card