নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি ইট বালুর ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কর্নগপ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
আহত ব্যবসায়ী বিল্লালের ছেলে রাব্বি জানান, আমার বাবা ইট বালুর ব্যবসা করেন। আজ সন্ধ্যার দিকে স্থানীয় চাঁদাবাজ রিয়াজ গ্রুপের লোকজন আমার বাবার কাছে চাঁদা দাবি করেন, বাবা তা দিতে অস্বীকার করলে ওই দুর্বৃত্তরা বাবাকে প্রথমে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে এক পর্যায়ে তারা বাবার ডান পায়ে গুলি করে পালিয়ে যান। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে রাতের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নারায়ণগঞ্জে থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হলে আমরা তার স্বজনদের কাছ থেকে জানতে পারি তিনি চাঁদাবাজদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
