চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে ইয়াসিন আলি (২৫) নামে এক
নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উত্তম কুমার দাস (২৭) ও
আশিক (২৪) নামে আরও দুই শ্রমিক।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের
মুক্তিপাড়ায় নির্মাণকাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলি চাপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার কুরবান আলীর ছেলে। আহতরা
হলেন, নওগাঁ জেলার পানিহারা গ্রামের বিপদ রবি দাসের ছেলে উত্তম কুমার দাস
ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক।
আহত দুজনের মধ্যে উত্তম কুমারকে চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

আহত নির্মাণ শ্রমিক আশিক বলেন, আমরা ছয় শ্রমিক ৭তলায় লিফটে (লিফট ঘরের)
ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় উত্তম কুমার ও ইয়াসিন আলি ভারা ভেঙে
৭তলা থেকে দুজনই লিফটের (লিফটের গ্রাউন্ড ফ্লোরে পড়েযায়) নিচে পড়ে যায়।
আমিসহ দুজন লাফ দিয়ে ছাদে গেলেও আমি আহত হই। পরে দ্রুত নিচে গিয়ে দুজনকে
উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক
ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান (জয়া) বলেন, ইয়াসিনকে
মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। উত্তম কুমার ও আশিককে চিকিৎসা
প্রাথমিক চিকিৎসা শেষে উত্তম কুমারকে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত
কিনা এখনই বলা সম্ভব নয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলি বলেন, ছাদ
থেকে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন বলে জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে
পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

 

এনএএন টিভি