র‍্যাবের হাতে আটক ৩টি তক্ষক চুয়াডাঙ্গায় সামাজিক বনায়ন কেন্দ্রে অবমুক্ত

র‍্যাবের হাতে আটক ৩টি তক্ষক (Gecko)  আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা সামাজিক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানের গাছে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এই অবমুক্তকরণের কাজ সম্পন্ন হয়।
জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ৩ টি তক্ষক সহ গ্রেফতার করে র‌্যাব-১২, সিপিসি-৩ (মেহেরপুর)। ওই রাতেই আজিজকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে র‍্যাব।
পরদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সদর থানা পুলিশ আজিজকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতের বিজ্ঞ বিচারক ইয়াসমিন নাহার পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বিবেচনা করেই এই মূল্যবান বন্যপ্রাণীগুলো অবমুক্ত করার আদেশ দেন এবং আব্দুল আজিজকে জেলা কারাগারে প্রেরণ করেন।
আদালতের আদেশে তক্ষক অবমুক্তের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু, চুয়াডাঙ্গা সদর এস.এফ.এন.টি.সি রেঞ্জ সহকারী শাহজামাল রিপন, অফিস স্টাফ আবুল হাসনাত রানা ও মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসানুজ্জামান রিগান, বায়জিদ, জীসান, এহসান হাবীব, নিরব, শাহাবুল, নিরব আলী, রতন এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।
এই অবমুক্তকরণ অভিযান বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনের যৌথ প্রচেষ্টার একটি উদাহরণ স্থাপন করেছে।
এনএএন টিভি/ শামসুজ্জোহা পলাশ