চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন, ২৮৫পিস ইয়াবা ও সাড়ে ৫ লক্ষ টাকাসহ দু’ভাই গ্র্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন,২৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ লক্ষ ৪৫ হাজার ২১০ টাকা সহ দু’সহোদর গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া কাইয়ুম হাজীর টোলা গ্রামের মৃত জমসেদ আলীর দু’ছেলে সফিকুল ইসলাম (২৯) ও জুয়েল রানা(২৬) । র‌্যাব জানায়, শনিবার(১জুন) ভোর সাড়ে ৫টায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে দু’ভাইকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার দু’ভাই এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনববাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা হিসাবে সরবরাহে জড়িত। তাদেও বাড়ি সীমান্তের পাশে হওয়ায় তারা অতি সহজেই মাদক সংগ্রহ করে নিজেদের হেফাজতে সংরক্ষণ করত। পরে ওই মাদক অনান্য কারবারিদের নিকট বিক্রি করত। এরুপ মাদকের একটি চালান ওই দু’ভাই নিজেদের বসতবাড়িতে সংরক্ষণ করে রেখেছে মর্মে গোয়েন্দা তথ্য পাবার পর শনিবার পূর্ব পরিকল্পনা মোতাবেক অভিযান চালায় র‌্যাব। অভিযানে তাদের বাড়ি তল্লাশী করে ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন,২৮৫ পিস ইয়াবা ও নগদ ৫ লক্ষ ৪৫ হাজার ২১০টাকা পাওয়া গেলে দু’ভাইকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

 

এনএএন টিভি / মোঃ সিফাত রানা