ইউটিউবে মোটরসাইকেল চুরির ভিডিও দেখে কৌশল রপ্ত করেছিলেন ঝিনাইদহের দুই যুবক। কিন্তু বাস্তবে প্রথম চেষ্টাতেই ধরা পড়ে গেলেন। জনতার হাতে আটক হয়ে অকপটে স্বীকার করলেন চুরির চেষ্টা, চাইলেন ক্ষমা।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ মে) বিকেলে, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পাশে। সেখানেই এক মোটরসাইকেল চুরির চেষ্টা চালিয়ে ধরা পড়ে যান দুই যুবক। স্থানীয়রা তাদের ধরে ফেললে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।
আটক যুবকরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) এবং আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির জন্য ব্যবহৃত একটি বিশেষ ধরনের চাবিও উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুই যুবক একটি লাল রঙের মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন। কিন্তু হাইড্রোলিক তালা খুলতে গিয়েই সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা দুজনকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।
মোটরসাইকেলের মালিক আরিফুল ইসলাম জানান, তিনি কাজের জন্য মোটরসাইকেল রেখে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, তালা ভাঙা। পরে জানতে পারেন, স্থানীয়রা দুই চোরকে ধরে ফেলেছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “স্থানীয়রা দুই যুবককে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
