কেউ টাকা দিয়ে ভোট কিনতে চাইলে ছুড়ে মারবেন: সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত সময় টাকা দিয়ে যারা আপনাদের ভোট কিনে মুখ বন্ধ করে দিয়েছিলো তাদের মুখে এবার সেই টাকা ছুড়ে মারবেন। তিনি বলেন, আগামী নির্বাচনে দল দেখে ভোট দিলে ভালো মানুষ তার উৎসাহ হারিয়ে ফেলবে।

সোমবার (২৬ মে) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পক্ষ থেকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার জিরো-পয়েন্টে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, সেনাপ্রধান কোন মাসে নির্বাচনের হবে সেটা ঠিক করে দিতে পারেন না; তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পারেন।

এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বলেন, কোনো রাজনৈতিক দলের নামে কেউ যদি চাঁদাবাজি ও ধান্দাবাজি করে তাহলে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চেহারা তুলে ধরবেন। জাতীয় নাগরিক পার্টি জনগণের জন‍্য কাজ করত চায়; কথার সঙ্গে কাজের মিল না থাকলে পরের বার আর কথা বলার সুযোগ দিবেন না।

সামান্য বৃষ্টিতে জলঢাকার রাস্তাগুলোর বেহাল দশা দেখে সারজিস মন্তব্য করেন, শেখ হাসিনা এতদিন যা বলছে সব ভাওতাবাজি।

এ সময় কেন্দ্রীয় নেতাসহ জলঢাকা ও ডোমার উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card