ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সত্য চন্দ্র শীলকে (৫৫) লালমনিরহাট জলার আদিতমারী থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে স্ত্রী লতা রাণী শীলকে (৩৮) নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে।

সোমবার দুপুরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

নিহত লতা রাণী শীলের পিতার বাড়ি চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেবপাট এলাকার শীলপাড়ী গ্রামে। নিহতের স্বামী সত্য চন্দ্র শীল নাগেশ্বরী পৌরসভার হেলিপোর্ট কবিরের ভিটা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালায়। একপর্যায়ে নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার সরকার, পরিদর্শক (তদন্ত) সরোয়ার পারভেজ ও তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) প্রভাত রঞ্জন রায়সহ একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে আসামি লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা লোহাকুচি বর্ডার হয়ে পালানোর চেষ্টা করছে। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে পলাতক ঘাতক স্বামী সত্য চন্দ্র শীলকে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রোববার রাত ১০টায় গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের হাতলযুক্ত রক্তমাখা ধারালো কুড়াল ও আসামির পরিহিত সাদা রংয়ের রক্তমাখা সোয়েটার ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া চলে আসছিল। রোববার ভোরে স্বামী সত্য চন্দ্র শীল তার ঘুমন্ত স্ত্রী লতা রাণী শীলকে কুড়াল দিয়ে ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card