চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের প্রায় সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সব বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Share this news as a Photo Card