চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান ৩০৬ গ্রাম ওজনের স্বর্ণের গহনা আটক

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত স্বর্ণের গহনা আটক করেছে। শনিবার সকাল পৌনে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের গহনাগুলো আটক করে বিজিবি।

শনিবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া নামক স্থান দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদের দিক নির্দেশনা মোতাবেক সুলতানপুর বিওপির কমান্ডার হাবিলদার মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৫ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া মসজিদের সামনে পাঁকা রাস্তার পাশে অবস্থান নেয়। সকাল পৌনে ১০ টার দিকে সন্দেহভাজন তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্ত হতে দর্শনার অভিমুখে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করলে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভেতর পালিয়ে যায় এবং অপর দুই আরোহী মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্ত অভিমুখে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগটি জব্দ করে। জব্দকৃত প্লাষ্টিকের ভেতর হতে স্কচ টেপ দ্বারা মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Share this news as a Photo Card