কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম
বালাতাড়ী গ্রামের গোড়ক মন্ডল সীমান্তের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছাকাছি বারোমাসিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩১)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার আট মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘টহলরত তিনজন বিজিবি’র সদস্য অজ্ঞাত এক চোরাকারবারিকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ওই চোরাকারবারি মালামালসহ নদীতে ঝাঁপ দেয়।’
‘চোরাকারবারীকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মিজানুর নদীতে ঝাঁপিয়ে পড়েন।’
‘তারা দুজনই নদী সাঁতরিয়ে অপর কিনারায় হাঁটু পানিতে উঠার সঙ্গে সঙ্গে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।’
‘এ সময় সহযোগী সৈনিক মিজানুর তাকে ধরে বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করলে স্থানীয়রা নৌকাসহ এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে।’
‘পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা অটোরিকশা যোগে তাকে ফুলবাড়ী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য মাহবুবকে মৃত ঘোষণা করেন।’
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
