ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে শিববাড়ি বাজার সংলগ্ন রেললাইনে যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেল ক্রসিংয়ের গেটকিপারকে জানান তারা। গেটকিপার ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card