ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধা

ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে যান।

 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট।

এর আগে রোববার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে মাখোঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হয়।

ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

এরপর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর মধ্যরাতে গানের দল ‘জলের গান’-এর রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যান ম্যাক্রোঁ।

এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

৩২ বছর পর ফরাসি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে এলেন এমানুয়েল ম্যাক্রোঁ।

সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ম্যাক্রোঁর।

বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন :

এনএএন টিভি