নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন নামে এক ছাত্রদলের নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ হোসেন (২৮) চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আহত নারী (৩৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।

আহত নারী বলেন, দুর্ঘটনার মাত্র ২ ঘণ্টা আগে সৌরভ হোসেনের সঙ্গে পরিচয় হয়। চুয়াডাঙ্গা শহরের সৌরভের দোকানের সামনে থেকে ডিঙ্গেদহ বাজার যেতে চাইলে সৌরভ বলে, দুজনে চা খেয়ে তারপর আমাকে বাসায় পৌঁছে দেবে। এরপর চা খাওয়ার জন্য ঝিনাইদহে রওয়ানা হলে ভেটেরিনারি কলেজের সামনে দুর্ঘটনায় পড়ি আমরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সৌরভ ও রিয়া মোটরসাইকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে সড়কের একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card