প্রতিমা অটোভ্যানে তোলার সময় বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি নিহত

বগুড়ার শেরপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুতের তারে জড়িয়ে জগন্নাথ কর্মকার ওরফে রূপম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের পৌর শিশু পার্ক এলাকার পূবালী সংঘ পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। নিহত জগন্নাথ উত্তর শাহপাড়ার রঘুনাথ কর্মকারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য মণ্ডপ থেকে প্রতিমা অটোভ্যানে তোলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন জগন্নাথ কর্মকার।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জগন্নাথ কর্মকারের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card