জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন — কনফারেন্স অব পার্টিস (কপ-৩১) এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
ফেরদৌস সিদ্দিক সায়মন সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন।
এ বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, এ বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১ এ যেতে পারবো না ভেবেছিলাম। তবে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জানার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন। এছাড়া তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলা করছে দেশটি। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক এই মঞ্চে বাংলাদেশের জলবায়ু সংকট, তরুণদের ভাবনা এবং সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ পাবেন তরুণ প্রতিনিধিরা।
সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, কপ-৩১ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস (GHG) নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য হলেও গ্লোবাল সাউথের দেশ হওয়ায় আমাদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি দেশগুলোর মধ্যে অন্যতম।
তিনি বলেন, এ বছর কপ-৩১ এ আমরা এই ক্ষতিপূরণ আদায় করবো। ঋণ নয়, বরং সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর থেকে আর্থিক অনুদান নেওয়ার জন্য কণ্ঠ তুলবো।
বিশ্বমঞ্চে বাংলাদেশের জলবায়ু বাস্তবতা এবং তরুণ প্রজন্মের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেও তার এই অংশগ্রহণ ভূমিকা রাখবে।
