প্রবাসীর স্ত্রীকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ সময় তার পরনে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে যান তারা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ঘোনারচালা গ্রামে বাড়ির পাশে ধানক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত আমেনা বেগম একই গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৬ এপ্রিল) রাতে আমেনা বেগম পরিবারের অন্যদের সঙ্গে ঘুমাতে যান। এ সময় তার প্রবাসী স্বামী ফোন আসে। আমেনা বেগম তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘরে থেকে বেরিয়ে যান। এরপর রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার মরদেহ বাড়ির পাশে ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘মরদেহের গলায় ক্ষতের চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় তাকে গলায় ওড়ন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহত আমেনা বেগমের মেয়ে লিতু আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

এনএএন টিভি