ফরিদপুর-মাগুরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন যাত্রী এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহন ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দু’জন যাত্রী। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কানাইপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
ঘটনার বিষয়ে কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন,
“দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
এদিকে দুর্ঘটনাস্থল ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এই সড়ক অংশে কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।
শরিফুল ইসলাম / এনএএন টিভি
