ঢাকার বনানীতে সেতু ভবনের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগেছে। বৃহস্পতিবারের (২৩ এপ্রিল) এই ঘটনায় দুইজনের প্রাণ গেছে ঘটনাস্থলেই। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুই ব্যক্তি সিটি করপোরেশনের শ্রমিক, সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন তারা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাসে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি উঠতে চাইলে চালক ও বাসের হেলপার বাধা দেয়। হাতাহাতির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে আগে থেকে কাজ করা সিটি করপোরেশনের দুই শ্রমিক বাসের ধাক্কায় প্রাণ হারান।
দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিয়েছে, তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
