বন্দর প্রতিনিধি: বন্দরে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ৩১ মামলার আসামী ডাকাত সরদার মামুনসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে ৩টি রাম দা, ৩টি ছুরি, ২টি চাপাতি ও ১টি স্ট্রিলের তৈরি চাইনিজ কুড়ালসহ ১২টি দেশীয় অস্ত্র ও নগদ ৫ হাজার ১৫০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে ডাকাত সরদার মামুন (৪৬), একই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে মুক্তার হোসেন (৫০) ও একই এলাকার জয়নাল মিয়ার ছেলে রিয়াদ (২২)।
শনিবার (৩১ অক্টোবর) ভোর রাত ৪টা ২০ মিনিটে বন্দর থানার সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ৩১ মামলার আসামী ডাকাত সরদার মামুনসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার ১২টি দেশীয় অস্ত্র ও নগদ ৫১৫০ টাকা উদ্ধার করতে সক্ষম হই। ধৃতদের শনিবার দুপুরে সংবাদ সম্মেলন শেষে বন্দর থানার রুজুকৃত পৃথক ২টি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সে সাথে পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
