ফরিদপুরের ভাঙ্গায় ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে প্রতিবেশী যুবক লালচাঁনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত লালচাঁন উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের খবির মিয়ার ছেলে। ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাতে ভুক্তভোগী কিশোরীকে বাড়িতে রেখে তার বাবা-মা পাশের গ্রামে একটি অনুষ্ঠানে গাজীর গান শুনতে যান। রাত আনুমানিক ৩টার দিকে তারা বাড়ি ফিরে মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করার সময় অভিযুক্ত লালচাঁনকে পালিয়ে যেতে দেখেন তারা। এসময় লালচাঁন তার ব্যবহৃত লুঙ্গি, জামা ও মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়, যা পরবর্তীতে পুলিশ জব্দ করেছে।
ভুক্তভোগী কিশোরীর মা রেহানা বেগম জানান, লোকলজ্জার ভয়ে প্রথমে চুপ থাকলেও পরে বিস্তারিত জানতে পারেন। তার মেয়ে জানায়, ওই রাতে লালচাঁন তাকে একাধিকবার ধর্ষণ করেছে এবং আগেও বিভিন্ন সময় ভয় দেখিয়ে এমন কাজ করেছে।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করায় মামলা করতে বিলম্ব হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল রাতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার (৬ এপ্রিল) সকালে ভুক্তভোগী কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি লালচাঁনকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
