মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ফের ১৪ জনকে পুশ ইন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) ভোরের দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খবর পেয়ে ১৪ জনকে হেফাজতে নিয়ে তাদেরকে আচালং ডিপি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে বিজিবি। তাদের মধ্যে রয়েছে পাঁচ শিশু, পাঁচ নারী ও চারজন পুরুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অপরিচিত ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে বিজিবিকে খবর দেয়া হয়। পুশ ইন হওয়া ব্যক্তিদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়। কাজের জন্য তারা পরিবারসহ ভারতে গিয়েছিল বলেও জানা গেছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, শুক্রবার ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। এরমধ্যে বিএসএফ তাদেরকে জোরপূর্বক পুশ ইন করেছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের কাজ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে, চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে প্রায় একশ’ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

Share this news as a Photo Card