মুরাদনগরে একই পরিবারের তিনজনকে হত্যা, ৮ আসামি রিমান্ডে

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার আটজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার কুমিল্লার আমলী আদালত ১১-এর বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৫৫), রবিউল আওয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪), মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী বলেন, মুরাদনগরের দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮ আসামির গত ৭ জুলাই বিকেলে বিকেলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। বুধবার ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এই রিমান্ড শুনানি শেষে প্রত্যেক আসামির ৩দিন করে মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে মা, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (২৭)।

হত্যার ঘটনায় শুক্রবার ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহত রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় আকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লাহকে। এর আগে বাঙ্গরা থানায় দায়েরকৃত হত্যা মামলাটির গুরুত্ব বিবেচনায় গত ৭ জুলাই বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। এর আগে ওই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন বাঙ্গরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের।

এনএএন টিভি

Share this news as a Photo Card