রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ৩

রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় তালাবদ্ধ নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায়, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টা থেকে রোববার (২৩ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে মাছুয়াপাড়ার মন্দিরসংলগ্ন দোতলা বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চারটি মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা বালা চক্রবর্তী (৫৫), মেয়ে কারমাইকেল কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করা প্রার্থী ওরফে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তী (১২)। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায়।

নিহত প্রীতিলতার বোন পূজা চক্রবর্তি জানান, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বড় বোন প্রিতিলতা চক্রবর্তির সঙ্গে ফোনে সর্বশেষ কথা হয়েছিল তার। কিন্তু শনিবার রাতে তার বোন ও তার পরিবারের সদস্যদের ফোন বন্ধ পেয়ে সন্দেহ হয় তাদের। পরে তারা বাড়িতে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। পাশের বাড়ি দিয়ে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি-ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পান তারা।

Share this news as a Photo Card