লক্ষ্মীপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, মন্দিরের সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মন্দিরের পুরোহিত পাশের বাসায় পূজা দিতে গিয়েছিলেন। এ সময়টাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী বলেন, ‘আমি কিছু সময়ের জন্য বাইরে ছিলাম, এসে দেখি কে বা কারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছেন।’

পুলিশ জানিয়েছে, ঘটনার পর মন্দিরের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢোকেন। এরপর প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যান। দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। মুখোশ পরা ওই যুবক কে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন মণ্ডল বলেন, ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।

এনএএন টিভি

Share this news as a Photo Card