চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় ৩ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার, ৩ আগস্ট ২০২৫, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন মো. তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
অভিযান চালানো হয় শিবগঞ্জ পৌরসভার আমবাজার, শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এবং কানসাটের আব্বাসবাজার এলাকায়। এসময় মাদকসেবনের অভিযোগে তিনজনকে আটক করা হলে, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
মোঃ রাসেল (৩৮), পিতা বদর আলী, গ্রাম বড়চক – ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
মো. তোফাজ্জল (৪৪), পিতা মৃত আব্দুল, গ্রাম শিবগঞ্জ – ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
মো. সুজন (৪০), পিতার নাম লিয়া কোতয়ালী, গ্রাম কালোপুর – ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
অভিযান চলাকালে প্রায় ৩ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া আরও দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের করাল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে এই ধরনের অভিযান চলমান থাকবে। শিবগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব
